রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার জামিনের আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের এ আদেশ দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বশির উল্লাহ। ডিএজি বশির দেশ রূপান্তরকে বলেন, ‘সাহিনুদ্দিন হত্যা মামলায় এম এ আউয়াল আজকে (গতকাল) একটি জামিনের আবেদন করেছিলেন। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।’
