চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, মৌলভীবাজার ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় করা ১১ মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট জেলা পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২৬ অক্টোবর মামলাগুলোর সুষ্ঠু ও নিবিড় তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট থানা পুলিশকে মামলার যাবতীয় নথি, আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের সিআইডির কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা পাওয়ার পর বুধবার সকাল থেকেই সেগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শারদীয় দূর্গোৎসব চলাকালে গত ১৩ অক্টোবর কুমিল্লায় ‘পবিত্র কোরআন অবমাননার অভিযোগ’ তুলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এ সব ঘটনায় সারা দেশে ১০২টি মামলা করা হয়।
এর মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় তিনটি, নোয়াখালীর বেগমগঞ্জে তিনটি, চট্টগ্রামের বাঁশখালীতে একটি, কক্সবাজারের পেকুয়াতে একটি, মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ও ফেনীর সদর থানায় দুটি মামলা করা হয়।
