কোম্যানের গাড়িতে থুতু-লাথি মারা পছন্দ হয়নি আনচেলত্তির

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০১:২৪ পিএম

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে বার্সেলোনা। ঘরের মাটিতে এসে চির প্রতিদ্বন্দ্বীদের জয় মেনে নিতে পারেননি অনেক কাতালোনিয়ান।

রবিবার এল ক্লাসিকো শেষে এক কদর্য দৃশ্য দেখা যায় ক্যাম্প ন্যুয়ের বাইরে। স্ত্রীকে সঙ্গে নিয়ে স্টেডিয়াম ছাড়ার সময় বার্সা কোচ রোনাল্ড কোম্যানের গাড়ি ঘিরে ধরেন কিছু সমর্থক। এই সময় তারা ডাচ কোচকে গালিগালাজ করেন এবং থুতু ছিটানোর পাশাপাশি গাড়িতে লাথি মারেন কেউ কেউ।

এমন বাজে ঘটনা পছন্দ হয়নি কোম্যানের। বার্সা কোচের ভাষায় এরা ‘অশিক্ষিত লোক’। প্রতিপক্ষ সমর্থকদের এমন কাণ্ড পছন্দ হয়নি রিয়াল কোচ কার্লো আনচেলত্তিরও। কোচের কষ্ট কোচই যে বুঝবেন, সেটাই স্বাভাবিক।

প্রতিদ্বন্দ্বী ক্লাবের হলেও কোম্যানকে সমর্থন জানিয়েছেন ইতালিয়ান কোচ। আনচেলত্তি বলেন, ‘কোম্যানের জন্য খারাপ লাগছে। তাকে এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যা অনুচিত।’

বার্সা কোচ অবমাননার শিকার হওয়ার বিষয়ে আনচেলত্তি মঙ্গলবার সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘সে একজন কোচ, সে এক ব্যক্তি যে কোচের চাকরি করছে। সম্মানের অভাবের অর্থ হলো, আমাদের সমাজে সমস্যা আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত