যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, আফগানিস্তানে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে তারা আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠীর সে রকম আকাক্সক্ষা রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে পেন্টাগনের নীতিনির্ধারণবিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল নিশ্চিত করেছেন। তিনি বলেন, আফগানিস্তানে তৎপর ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বা আইএসকেপি গোষ্ঠীকে নির্মূল করার ইচ্ছা ও সক্ষমতা তালেবান সরকারের আছে কিনা তা পর্যালোচনা করে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। কলিন কাহল গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটিতে সর্বশেষ আফগান পরিস্থিতি নিয়ে দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেন।
তিনি দাবি করেন, আইএসকেপির পাশাপাশি আল কায়েদাও যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চায়; কিন্তু এই মুহূর্তে তাদের কারোই সেই সক্ষমতা নেই। গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই সে সক্ষমতায় পৌঁছে যেতে পারে এসব সংগঠন। তারা বলছে, আল কায়েদার একই সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে এক থেকে দুই বছর।
এসব সংগঠন যেন এই কাজ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে বলে পেন্টাগনের এই কর্মকর্তা মন্তব্য করেছেন। আফগানিস্তানে আইএসের কয়েক হাজার জঙ্গি সক্রিয় রয়েছে বলেও দাবি করেছেন কলিন কাহল।
