আলোচনা সভায় কাদের

সাম্প্রদায়িক হামলা শুরু করেছে বিএনপি

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০১:৫৫ এএম

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা (বিএনপি) আবারও আগুন-সন্ত্রাসের পরিকল্পনা করছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।’

গতকাল বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘১৩ বছর আওয়ামী লীগ ক্ষমতায়। গত ১২ বছর দুর্গাপূজায় কোনো সাম্প্রদায়িক হামলা হলো না, অথচ এই ১৩ বছরে এসে হামলা হলো। আগামী নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক হামলা করা হয়েছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা সাম্প্রদায়িক হামলা শুরু করেছে। বিএনপি এই সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য পৃষ্ঠপোষক। তারা আবারও পেট্রলবোমা-সন্ত্রাসের ষড়যন্ত্র করছে। বিএনপি এদের ছাতা দিয়ে যাচ্ছে। তাই যারা পূজাম-পে হামলা করেছে, হিন্দুদের বাড়ি-ঘরে হামলা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ব্যাপারে কঠোর অবস্থানে। তাদের বিচার হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের রাজনীতি করা আমি দোষের মনে করি না। কিন্তু রাজনীতি দিয়ে ব্যবসা কেন? রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে আমি ঘৃণা করি। রাজনীতিকে ব্যবসায় ব্যবহার করলে রাজনীতি থাকে না, ব্যবসাও থাকে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের বিরুদ্ধে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ব্যবসা-বাণিজ্য করতে হলে এই ষড়যন্ত্র এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। তা না হলে ব্যবসা করতে পারবেন না। এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক শক্তি দেশের শত্রু, জাতির শত্রু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ও মেগা প্রকল্পের অগ্রগতি এবং করোনায় সময় নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় শেখ হাসিনার পদক্ষেপ আজ সারা বিশে^ প্রশংসিত। জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে জীবনের চাকাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচল রেখেছেন। তিনি আজ শুধু বাংলাদেশের প্রশংসিত প্রধানমন্ত্রী নন, বিশে^র কাছে নন্দিত বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইর সভাপতি মো. জসীম উদ্দিন, ডি-৮ সিসিআইর সভাপতি ও এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত