ফেইসবুকে চাকরি পেল শাবির দুই শিক্ষার্থী

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০২:২২ পিএম

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থী।

মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম. নাজিম উদ্দিন নামের এই দুই শিক্ষার্থী শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র।

বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিক্ষার্থী নিজেই দৈনিক দেশ রূপান্তরকে ফেইসবুকে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মওদুদ শাহরিয়ার বলেন, ‘ফেইসবুকের ইউরোপের প্রধান অফিস লন্ডন থেকে গতকাল নিয়োগপত্র পাঠিয়েছে। তারা জানতে চেয়েছে, লন্ডন ছাড় ইউরোপের অন্য কোনো অফিস জয়েন করতে চাই কি না। আমি লন্ডন অফিসে থাকার কথাই বলেছি।’

তিনি বলেন, ‘মোট তিনটা ধাপে আমার ভাইভা নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। তিন নম্বর ধাপে চারটা ভাইভা ছিল। প্রতিটি ভাইভার জন্য সময় দিয়েছে ৪৫ মিনিট করে। শাবিপ্রবিতে পড়াকালীন প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এই প্রতিযোগিতাগুলোর অভিজ্ঞতা ফেইসবুকের ভাইভায় খুব কাজে দিয়েছে।’

মওদুদ শাহরিয়ার আরও বলেন, ফেইসবুকের মতো জনপ্রিয় একটা সাইটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।

তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছেন, যারা ফেইসবুক গুগলে চাকরি করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছে না। এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করবো, যাতে তারা সঠিক গাইডলাইন পায়।’

অপর শিক্ষার্থী এম. নাজিম উদ্দীন দৈনিক দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৪ সালে যখন প্রোগ্রামিং শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর টপক্লাস ইঞ্জিনিয়ারদের সঙ্গে টেক জায়ান্টে জব করার। ভার্সিটি শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি গুগল, ফেইসবুকে চাকরির জন্য।’

তিনি বলেন, ‘প্রথম কয়েকবার অ্যাপ্লাই করে ব্যর্থ ও হই। কিন্তু সবসময়ই নিজের ওপর বিশ্বাস ছিল, কখনোই মনোবল হারাইনি।’

নাজিম উদ্দীন বলেন, ‘অবশেষে এই বছর জুন মাসে ফেইসবুক এবং গুগল থেকে যোগাযোগ করে ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রায় দুই মাসব্যাপী ছয়টা করে ইন্টারভিউ নেয় গুগল এবং ফেইসবুক।’

তিনি বলেন, ‘সবগুলো ইন্টারভিউ ভালো হওয়ার পর দুই কোম্পানি থেকেই অফার করে। সবকিছু বিবেচনায় আমি ফেইসবুকের লন্ডন অফিসের অফার গ্রহণ করি। কোনো জটিলতা না থাকলে জয়েনিং আগামী ফেব্রুয়ারিতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত