নিমজ্জিত বার্সেলোনা, কোম্যান বরখাস্ত

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২:৫১ এএম

লা লিগায় রায়ো ভায়োকানো ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। তার চেয়ে বড় খবর এই হারের পরই কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করেছে কাতালান ক্লাবটি। মৌসুমে লিগে এটি ছিল বার্সার

তৃতীয় হার, টানা দ্বিতীয়। ১০ ম্যাচ শেষে মাত্র ৩ জয়ে ১৫ পয়েন্টে ৯ নম্বরে বার্সেলোনা। নিজেদের মাঠে ম্যাচের ৩০ মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের গোলে এগিয়ে যায় ভায়োকানো। ৭১ মিনিটে স্পটকিক থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু পেনাল্টি মিস করেন মেম্ফিস ডিপে। তার নেওয়া শট ঠেকিয়ে দেন ভায়োকানো গোলকিপার স্টোল দিমিত্রিভস্কি।

আগের রাউন্ডে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সা সমর্থকরা ঘিরে ধরেছিলেন রোনাল্ড কোম্যানের গাড়ি। তখন সমর্থকরা সেøাগান দিয়েছিলেন ‘বেরিয়ে যাও’। সে সময় ক্লাব কর্তৃপক্ষ কোম্যানের সঙ্গে ছিলেন। বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছিল সেই ঘটনার। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা। রায়ো ভায়োকানোর কাছে হারের পর ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা তাকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সিউতাত এস্পোর্তিভায় বৃহস্পতিবার দলের খেলোয়াড়দের বিদায় বলবেন রোনাল্ড কোম্যান। ক্লাবকে সেবা দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিতে চায় এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।’

কোম্যানের অধীনে বার্সেলোনা ৬৭ ম্যাচ খেলেছে। এতে ৩৯টি জয়, ১২টি ড্র ছাড়াও ১৬টি ম্যাচে হেরেছে কাতালানরা। তবে এর মধ্যেও গত মৌসুমে কোপা দেল রে জিতেছে বার্সেলোনা। বলতে গেলে চলতি মৌসুমের পারফরম্যান্সই কোম্যানকে চাকরিচ্যুত করল। ১৩ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বার্সা, হেরেছে ৫ ম্যাচে।

একটি কাকতালীয় ব্যাপারও আছে। কোম্যানকে বার্সেলোনার কোচ বানিয়েছিলেন দলটির সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এরপর নানা কারণে সমর্থক ও খেলোয়াড়দের ক্ষোভের মুখে গত বছরের ২৭ অক্টোবর পদত্যাগ করেছিলেন বার্তোমেউ। বুধবার তার পদত্যাগের বর্ষপূর্তি ছিল, সেদিনই ছাঁটাই হলেন কোম্যান।

কোম্যানকে বরখাস্ত করার পর বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সের্জি বারজুয়ানকে। কাতালান দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পূর্ণ মেয়াদে নতুন কোচ পাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বারজুয়ান। এতদিন বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে ছিলেন তিনি।

বার্সার কোচ জাভি?

ইউরোপীয় গণমাধ্যমে খবর এরই মধ্যে ক্লাব কিংবদন্তি জাভিকে প্রস্তাব দেওয়া হয়েছে বার্সেলোনার পক্ষ থেকে। জাভিও নাকি রাজি। এখন শুধু জাভির কাতারি ক্লাব আল সাদের সম্মতি পাওয়ার অপেক্ষা। বিখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘কোম্যানকে ছাঁটাই করার আগেই জাভির সঙ্গে যোগাযোগ করেছে বার্সেলোনা। কোম্যানের বিদায়ের পরই টুইট করে জানিয়েছে, বেশ কয়েক সপ্তাহ আগেই জাভির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা বোর্ড। আল সাদের সঙ্গে পরিস্থিতি কী, সেটা বোঝার জন্য আলোচনা করা হবে। এখনো ঘোষণা দেওয়ার সময় হয়নি। প্রক্রিয়ার মাত্র শুরু। জাভি বার্সেলোনার চাকরিটা চান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত