বিপিএল অভিজ্ঞতা কাজে লাগাবে উইন্ডিজ

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২:৫১ এএম

আধুনিক ক্রিকেটে বিপক্ষকে চেনার উপায় আছে। প্রতি দলেই থাকেন একজন কম্পিউটার অ্যানালিস্ট। তার ল্যাপটপে বিপক্ষের সব ক্রিকেটারের শক্তি-দুর্বলতার ভিডিও তোলা থাকে। সেসব বিশ্লেষণ করে ম্যাচ পরিকল্পনা ঠিক করে যেকোনো দল। কিন্তু বাংলাদেশের সঙ্গে উইন্ডিজের এত কিছু ভাবতে হচ্ছে না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা নিকোলাস পুরান জানালেন বিপিএল অভিজ্ঞতা বাংলাদেশ ম্যাচে কাজে লাগাবেন। বিপিএলে মাহমুদউল্লাহদের সঙ্গে খেলার কারণে তাদের শক্তি-দুর্বলতা জানা হয়ে গেছে। আজকের ম্যাচে পূর্ব অভিজ্ঞতা তাই ভালোভাবেই কাজে লাগবে।

নিকোলাস পুরান বিপিএলে খেলেছেন তিন মৌসুম। ২০১৬ ও ২০১৭ বিপিএলে খুলনা টাইটানসের হয়ে। ওই দুই বছর পুরানের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ২০১৯-এ সিলেট সিক্সার্সের হয়ে লিটন দাশ, আফিফ হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে খেলেছেন। এ চারজনই বাংলাদেশের বিশ্বকাপ দলে। শুধু নিকোলাস পুরান নন উইন্ডিজের বর্তমান দলে থাকা ক্রিস গেইল-আন্দ্রে রাসেল-আন্দ্রে ফ্লেচাররা খেলেছেন বিপিএলে। সেই খেলার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটারদের চিনতে সাহায্য করেছে। তাই আজকের ম্যাচের পরিকল্পনা পুরানরা বেশ ভালোভাবেই করতে পারছেন বলে জানান ‘এটা অবশ্যই সাহায্য করবে। আমি বাংলাদেশে সময় কাটিয়েছি, শুধু আমি না আমাদের দলের অনেকেই। ওদের সঙ্গে আমাদের ভালো বন্ধুত্ব আছে। এটা বিভিন্ন কন্ডিশনে খেলার ব্যাপারে ওদের থেকে শিখতে এবং বুঝতে সাহায্য করে। তো ম্যাচের আগে ওরা কী করবে বা করতে পারে তা বুঝা ম্যাচে ব্যাটসম্যান বা বোলার হিসেবে আমাদের অনেক সাহায্য করবে।’

টানা দুই ম্যাচ হারের পরও ভেঙে পড়েননি পুরানরা। এই ব্যাটসম্যান জানান, সবাই মিলে এখনো ফুরফুরে মেজাজেই আছেন। বাজেভাবে হারের জন্য নিজেদের ওপর দোষ টানছেন, তবে সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছেন পুরান, ‘দলের অবস্থা এখনো ভালো। নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালো আছে। তবে এটা ঠিক, ওই দুটি হার আমাদের খুব আঘাত করেছে, এর জন্য নিজেদেরই দোষ দিতে হবে। আমরা জানি আমাদের কী করতে হবে এবং এই চ্যালেঞ্জটার জন্য আমরা তৈরি। জেসন দলে যোগ হয়েছে, অবশ্যই সে একজন কোয়ালিটি ক্রিকেটার। গত দুই ম্যাচে আমরা ব্যাটিংয়ের দিক থেকে ব্যর্থ হয়েছি এবং ব্যাটসম্যান হিসেবে ও দল হিসেবে আমরা এই ব্যর্থতা মেনেও নিয়েছি। তবে এটা ভুলে গিয়ে আমরা সামনে তাকাতে চাই এবং পরের ম্যাচে ভুল শুধরে নিতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত