পাবনায় ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০১:২৯ এএম

পাবনা-রাজশাহী রেলপথে মহেন্দ্রপুর রেল ক্রসিংয়ে চলন্ত ট্রাকের ধাক্কায় আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী-পাবনা রুটে রেল চলাচল বন্ধ ছিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি চলন্ত ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ক্রসবার নামায়নি গেটম্যান। সম্ভবত রাতভর গাড়ি চালানোর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন। ট্রেনের উপস্থিতি খেয়াল না করেই গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটেছে।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করব। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত