ই-কমার্সের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন নিতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকে ডিপোজিট রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে অন্য মন্ত্রীরা। মন্ত্রিসভার বৈঠকে ২০২১ সালের তৃতীয় ত্রৈমাসিক প্রতিবেদন, ‘আটিয়া বন (সংরক্ষণ) আইন, ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন, ওভেন পলিপ্রপিলিন ব্যাগের পরিবর্তে পলিথিন লাইনারসহ মানসম্পন্ন পাটের ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ২০২২ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা অনুমোদন এবং লোকসংস্কৃতি যুক্ত করে কপিরাইট আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও অন্যান্য যে ডিজিটাল মনিটরিং প্ল্যাটফর্ম ও ইন্টেলিজেন্স সংস্থা রয়েছে তারাও বিষয়গুলো খতিয়ে দেখবে। পাশাপাশি ব্যাপক প্রচার চালাতে বলা হয়েছে।’
ইভ্যালিসহ বিভিন্ন কোম্পানির শত কোটি টাকার প্রতারণা ও আত্মসাতের ঘটনার পর নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। দেশে ই কমার্সের ব্যবসা দিন দিনই বাড়ছিল। এর মধ্যে মহামারী শুরু হলে নতুন নতুন বেশকিছু কোম্পানি রাতারাতি ফুলেফেঁপে উঠতে শুরু করে।
বৈঠকে অজ্ঞাতনামা বা ছদ্মনামের স্বত্বাধিকারী এবং লোকসংস্কৃতি যুক্ত করে কপিরাইট আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি ২০০২-এর, এখন ২০২১ হিসেবে আনা হয়েছে। প্রথম প্রকাশ হওয়ার পর ৬০ বছর পর্যন্ত কপিরাইট থাকবে। এ ক্ষেত্রে মৃত্যুর প্রথম দিন থেকে ৬০ বছর পর্যন্ত স্বত্বাধিকার পাবেন। অবৈধ সম্প্রচার বন্ধে কপিরাইট রেজিস্ট্রারকে অবহিত করলে বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। লোকসংস্কৃতি রক্ষার জন্য এ সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে ছিল না। একই সঙ্গে শাস্তি ও জরিমানার বিধান রাখা হয়েছে।
সভায় রাসায়নিক সার প্যাকেজিংয়ের ক্ষেত্রে ওভেন পলিপ্রপিলিনের ব্যাগের পরিবর্তে পলিথিন লাইনারসহ মানসম্পন্ন পাটের ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ২০১৭ সালে মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল রাসায়নিক সার প্যাকেজিংয়ের ক্ষেত্রে পলিথিন লাইনারসহ মানসম্পন্ন পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে বিজিএমসিকে সরকার একটা ভর্তুকি দেবে। তবে বিশেষজ্ঞদের মতে, পলিথিন লাইনারসহ পাটের ব্যাগ স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। এ ব্যাগে সারের গুণাগুণ কমে যায়। এর ফলে শস্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই মন্ত্রিপরিষদ এটা বাতিল করেছে।
২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ৮৮ দশমিক ১৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বাকি ১১ দশমিক ৮৫ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি, যার মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ওষুধ আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়নি। খসড়া আইনট রিভিউ করতে বলা হয়েছে।
