জিমে শরীরচর্চা করতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির প্রভাশালী তারকা পুনীত রাজকুমার। বর্তমানে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি আছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ভারতের একাধিক গণমাধ্যম শুক্রবার এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবর, ৪৫ বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। দ্রুতই হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত আপডেট জানাবেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এরই মধ্যে প্রিয় অভিনেতার এমন খবরে উদ্বিগ্ন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। হাসপাতালের বাইরে জড়ো হতে শুরু করেছে ভক্তরা। সে কারণে পুনীত রাজকুমারের পুনের বাসভবন ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে হাসপাতালে পুনীতকে দেখতে গেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ও রাজস্বমন্ত্রী আর অশোক।
শিশু অভিনেতা ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে, কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯ টি সিনেমায় অভিনয় করছেন পুনীত রাজকুমার। বর্তমানে তিনি কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে দামি অভিনেতা।
