‘টোয়ালাইট’-খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ক্যামেরার পেছনে কাজ করতে যাচ্ছেন। এ জন্য বেছে নিলেন লেখিকা লিডিয়া ইউকনাভিচের স্মৃতিকথা ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’।
ভ্যারাইটিকে তিনি জানান, সিনেমাটির প্রস্তুতি জোরকদমে এগিয়ে চলছে। বর্তমানে প্রধান চরিত্রের অভিনেত্রী খুঁজছেন।
ক্রিস্টেন জানান, বেশ সময় নিয়ে প্রস্তুত হচ্ছেন তারা। কোনো ধরনের ফাঁক রাখতে চান না। এখন তারা কাস্টিং নিয়ে কাজ করছেন।
পরিচালনার পাশাপাশি ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’-এর চিত্রনাট্য করেছেন ক্রিস্টেন। আলফ্রেড হিচকক যেমন নিজের ছবিতে উপস্থিতি থাকতেন, তেমন সংক্ষিপ্ত ক্যামিও’র ইচ্ছা কিনা প্রশ্নে বলেন, আপাতত তেমন কোনো চরিত্র এখানে তার জন্য নেই। সেটা নির্ভর করে লিডিয়া চরিত্রে কে অভিনয় করবেন। অবস্থা বিবেচনায় লিডিয়ার বড় বোনের চরিত্রটি করতে পারেন। হয়তো সেটাও হবে না।
এ দিকে অস্কার মৌসুমকে বিবেচনায় রেখে সামনে আসছে ‘স্পেন্সার’। পাবলো লরাইনের এ ছবিতে প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এটি তাকে এনে দিতে পারে প্রথম অস্কার মনোনয়ন।
এ ছাড়া সম্প্রতি ভিগো মর্টেনসেন, লিয়া সিড্যু ও স্কট স্পিডম্যানের সঙ্গে ক্রিস্টেন শেষ করেছেন ডেভিড ক্রনেনবার্গ পরিচালিত ‘ক্রাইমস অব দ্য ফিউচার’ ছবির শুটিং।
