চট্টগ্রামের কাঁচাবাজারগুলোতে উত্তাপ ছড়াচ্ছে শীতকালীন সবজির দাম। আগাম বাজারে আসা এই সবজিগুলো কোনোটিই মিলছে না ১০০ টাকা কেজির নিচে। নতুন সবজির দাম বাড়ার প্রভাব পড়েছে অন্যগুলোতেও। বন্দর নগরীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দামও এখন অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। বাড়তি রয়েছে সয়াবিন তেলের দামও।
গতকাল শুক্রবার সকালে নগরীর অন্যতম কাঁচাবাজার চকবাজারে গিয়ে দেখা যায় প্রচুর টাটকা সবজি বাজারে। শিম, টমেটো, ঢেঁড়স, বেগুন, ফুলকপিসহ শীতকালীন বিভিন্ন ধরনের সবজিতে ভরপুর। কিন্তু এসব সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। টমেটো বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। করলা, বরবটি, বেগুন, ঢেঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়। লাউ, মিষ্টি কুমড়া, পটোল, মুলা, পেঁপে, কচুরমুখি এসব সবজিও বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়। গাজর বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। একই চিত্র দেখা গেছে কাজীর দেউড়ি বাজার, আসকার দীঘিরপাড় কাঁচাবাজারেও।
আসকার দীঘিরপাড় বাজারের দোকানদার আবদুল হালিম দেশ রূপান্তরকে বলেন, শীতকালীন সবজি আসতে শুরু করলেও এখনো সরবরাহ পর্যাপ্ত নয়। যে কারণে আড়ত থেকে বেশি দামে এসব সবজি কিনে আনতে হচ্ছে খুচরা বিক্রেতাদের। তাই বাড়তি দামেই তা বিক্রি হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম কমে আসতে পারে।
এদিকে বাজারে ব্রয়লার মুরগির দামও অনেকটা লাগামের বাইরে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। বাড়তি রয়েছে বিভিন্ন ধরনের মাছের দামও।
নগরীর বাদুরতলা এলাকায় পোলট্রি ব্যবসায়ী এ টি এম সেলিমুর রহমান এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন এখন বিয়ে, মেজবানসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রচুর মুরগির চাহিদা রয়েছে। যে কারণে বাজারে মুরগির দাম কমছে না।
গত কোরবানির আগে বেড়ে যাওয়া সয়াবিনের দাম কমার কোনো লক্ষণ নেই বাজারে। এখনো খুচরা দোকানে প্রতি লিটার সয়াবিনের দাম নেওয়া হচ্ছে ১৬০ টাকা। খোলা সয়াবিন বিক্রি হচ্ছে কেজি ১৫০ টাকায়।
