‘বন্ধুত্বের জয় হোক, শত্রুতার হোক হার ’

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০১:২১ এএম

প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে উড়ছে পাকিস্তান। পরে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। তবে ভারত সেমিতে উঠবে কিনা তা অনিশ্চিত। তবু পাকিস্তানের কোচ সাকলাইন মুশতাক ফাইনালে ভারতকে চান।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সাকলাইনকে প্রশ্ন করা হয়, আপনারা যদি ফাইনালে ওঠেন আর সেখানে ভারতের বিরুদ্ধে খেলতে হয়, তাহলে কেমন লাগবে? উত্তরে তিনি বলেন, ‘ভারত যদি ফাইনালে উঠতে পারে তাহলে দারুণ হয়। ওদের হারিয়েছি বলে নয়। ভারত খুবই শক্তিশালী দল। ওরা কাপ জেতার অন্যতম দাবিদার। ভারতের সঙ্গে আরও একটা ম্যাচ খেললে ওদের সঙ্গে সম্পর্কটা আরও ভালো হয়ে যাবে।’ ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের দারুণ সম্পর্কের কথা উল্লেখ করে সাকলাইন বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের পর বিরাট কোহলি, এম এস ধোনি এবং আমাদের ক্রিকেটাররা যেভাবে মিলেমিশে গিয়েছিল, তাতে একটা বার্তা পরিষ্কারভাবে দেওয়া গিয়েছে। আমরা সবাই মানুষ। আর সবাই সবাইকে ভালোবাসে। এটা নিছকই একটা খেলা। এ রকম একটা বার্তা দেওয়ার জন্য ক্রিকেটারদের অভিনন্দন। বন্ধুত্বের জয় হোক, শত্রুতার হার হোক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত