কুমিল্লার ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র : আইনমন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০১:২৮ এএম

কুমিল্লার ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমি দুঃখিত, কিছু কিছু জায়গায় এ ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়।’

গতকাল শুক্রবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারত সরকারের দেওয়া দুটি অ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের সংবিধানে যে কথা লেখা আছে, বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান উপহার দিয়েছেন, সেই সংবিধানের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত প্রথম স্বীকৃতি দেয়। আমরা বাঙালি, আমাদের দুঃসময়ে যারা সাহায্য করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, আমরা তাদের কখনো ভুলি না। যত দিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, যত দিন পর্যন্ত বাংলাদেশ জীবিত থাকবে, তত দিন পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে।’ অ্যাম্বুলেন্স উপহার দেওয়ায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

দোরাইস্বামী বলেন, ‘২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সগুলো প্রদান করা হয়েছে।

তিনি বলেন, কভিডের দ্বিতীয় তরঙ্গের সময়ে ভারতের প্রয়োজনে বাংলাদেশও ভারতের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস দোরাইস্বামী, জেলা পুলিশ সুপার  মো. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার অনুষ্ঠানের অতিথি দোরাইস্বামীর হাতে আখাউড়ার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দর্শনীয় স্থানের আলোকচিত্র উপহার দেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত