জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৫ রান। লাহিরু কুমারার ওভারটির প্রথম বলে এক রান দিয়ে ডেভিড মিলারকে স্ট্রাইক দেন কাগিসো রাবাদা।
‘কিলার’ মিলার কোনো সুযোগ দেননি লঙ্কান পেসারকে। পরের দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে সমীকরণটা সহজ করে ফেলেন তিনি। শেষ দুই বলে এক রান দরকার হয় প্রোটিয়াদের। চার মেরে দ.আফ্রিকাকে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন রাবাদা।
১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক বল হাতে রেখে ৬ উইকেটে ১৪৬ রান করে প্রোটিয়ারা। এর আগে শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে পাথুম নিশানকার দুর্দান্ত ফিফটিতে ২০ ওভারে ১৪২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
মুহূর্তে মুহূর্তে রং পাল্টানো ম্যাচটিতে প্রোটিয়াদের দুশ্চিন্তা ফেলে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে এইডেন মার্করামকে (১৯) বোল্ড করেন তিনি।
পরে ১৮তম ওভার করতে এসে পরপর দুই বলে অধিনায়ক টেম্বা বাভুমা (৪৬) ও ডোয়াইন প্রিটোরিয়াসকে (০) সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক উদ্যাপন করেন হাসারাঙ্গা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিকটি এলো ২৪ বছর বয়সী অলরাউন্ডারের হাত ধরে।
টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার তাবরিজ শামসির ঘূর্ণিতে কাবু লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দিয়েছিল নিশানকার দুর্দান্ত ফিফটি। এই বাঁ-হাতি স্পিনারকে সামলাতে হিমশিমই খেতে হয়েছে লঙ্কান ব্যাটসম্যানদের। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
শামসির পাশাপাশি ডোয়াইন প্রিটোরিয়াসের পেস আক্রমণ; দুই দ. আফ্রিকান বোলার কৃপণ বোলিংয়ের পাশাপাশি ভাগ করে নেন তিনটি করে উইকেট।
তার জন্য শামসি ৪ ওভারে খরচ করেছেন ১৭ এবং প্রিটোরিয়াস তারচেয়ে এক ওভার কম করে দিয়েছেন সমান রান। এছাড়া দুই উইকেট শিকার করা এনরিখ নর্তশে ৪ ওভারে দিয়েছেন ২৭ রান। শুরুতে লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে (৭) বোল্ড করে ম্যাচের লাগাম প্রোটিয়াদের হাতে এনে দেন তিনি।
দ. আফ্রিকার বোলারদের সামনে যখন সতীর্থরা অসহায় আত্মসমর্পণ করছেন তখন এক প্রান্ত আগলে রেখে লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দেন নিশানকা। অষ্টম উইকেট হিসেবে সাজঘরে ফেরার আগে ৫৮ বলে ৬ চার ৩ ছয়ে ৭২ রানের ইনিংস খেলেন এই ওপেনার। নিশানকা ছাড়া লঙ্কানদের হয়ে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন কেবল চারিথ আসালাঙ্কা (২১) ও অধিনায়ক দাসুন শানাকা (১১)।
এই জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল দ. আফ্রিকা। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট সুপার টুয়েলভের ‘এ’ গ্রুপে তিনে আছে তারা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে শ্রীলঙ্কা।
