জাতীয় সরকার গঠনের প্রস্তাব জাফরুল্লাহর

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১০:৪৮ পিএম

আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘গণতন্ত্র ও ভোট আজ এক অজানা শব্দে পরিণত হয়েছে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।’

গত শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এবি পার্টির কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি। গতকাল শনিবার দুপুরে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

লন্ডনে অবস্থানরত এবি পার্টির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবদুর রাজ্জাক তার ভার্চুয়াল বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, শাহাদাৎবরণ করেছে, কিন্তু কোনো সুফল পায়নি। অধিকার প্রতিষ্ঠা করে সেসব জনগণের মুখে হাসি ফোটাব আমরা।’'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত