ফেব্রুয়ারিতে সিপিবির দ্বাদশ কংগ্রেস

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১০:৪৯ পিএম

আগামী ফেব্রুয়ারি মাসের ১০, ১১, ১২, ১৩ তারিখে হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বাদশ কংগ্রেস। দলটির কেন্দ্রীয় কমিটির এক সভা থেকে কংগ্রেসের তারিখ নির্ধারণ ও ঘোষণা করা হয়। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তীকে চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতনকে আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীমকে যুগ্ম আহ্বায়ক করে দ্বাদশ কংগ্রেস প্রস্তুতি কমিটি গঠন করা হয়। 

দলটির নেতাকর্মীরা জানিয়েছেন, কংগ্রেস সফল করতে এরই মধ্যে কয়েকটি টিম গঠন করা হয়েছে। সিপিবির শীর্ষ নেতারা প্রতিনিয়ত বৈঠক করছেন। কংগ্রেসের পোস্টার-ফেস্টুন তৈরির কার্যক্রম অব্যাহত রয়েছে। এবারের কংগ্রেসে দেশের বাইরে থেকে সিপিবির কোনো অতিথি অংশগ্রহণ করছেন না। করোনা পরিস্থিতি কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিপিবির একাদশ কংগ্রেস হয়েছিল ২০১৬ সালের ২৮-৩১ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী ৪ বছর পর এবারের কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। সে অনুযায়ী এ বছর অক্টোবরেই কংগ্রেস হওয়ার কথা ছিল। তবে এবার করোনা পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (Communist Party of Bangladesh) হচ্ছে বাংলাদেশের একটি মার্কসবাদী-লেনিনবাদী রাজনৈতিক দল, যেটি ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত