পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের গাড়িবহর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আটক মাইক্রোবাসচালক হাবিবুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। হাবিবুল্লাহ সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া ইউনিয়নের মৃত আবদুস সালাম শেখের ছেলে।
গত শুক্রবার রাতে সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া বাজারে উপজেলা চেয়ারম্যানের বহরে আসা মাইক্রোবাস থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে অস্ত্র ও মাইক্রোবাস জব্দ করে আমিনপুর থানায় নেওয়া হয়।
আমিনপুর থানার ওসি রওশন আলী জানান, শুক্রবার বিকেলে রানীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় নিজ সমর্থকদের গাড়িবহর নিয়ে রানীনগর ইউনিয়নের ভাটিকয়া বাজারে আসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন। গোপন সংবাদের ভিত্তিতে বহরের সঙ্গে আসা একটি কালো মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
