আবারও রাজপথে নামলেন শিল্পী-কলাকুশলীরা। প্রতিবাদ জানালেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিষয়ে। ‘ঐতিহ্য ও কৃষ্টির এই দেশে, থাকি সবাই মিলেমিশে’ সেøাগান নিয়ে গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে সকাল ১০টায় সমবেত হন তারা। টেলিভিশনের ১৫টি সংগঠনের মোর্চা ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন’ (এফটিপিও) এর নেতৃত্ব দেয়। এতে শামিল হয়ে সংহতি জানায় সংগীত মোর্চা ‘সংগীত ঐক্য বাংলাদেশ’, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পথনাটক পরিষদ, আবৃত্তি পরিষদ, নৃত্য শিল্পী সংস্থা, নৃত্যাঞ্চল, বাচসাসসহ বেশ কয়েকটি সংগঠন। সূচনা বক্তব্যে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমাদের দায়িত্ব সাধারণ মানুষকে সচেতন করা। যেটা আমরা ক্যামেরার সামনে বা পেছনে করি। এখন আমরা সে কাজটিই করছি। কিছু সাম্প্রদায়িক মানুষ আমাদের পথে নামতে বাধ্য করেছে। আমরা তাদের বলতে চাই, এ দেশে উগ্রবাদীর জায়গা নেই, সাম্প্রদায়িকতার জায়গা নেই।’ সংগঠনটির চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, ‘এ দেশে সাম্প্রদায়িক সহিংসতা দিন দিন বাড়ছে। আমরা সেই ষড়যন্ত্রকারীদের নির্মূল করতে চাই। আশ্চর্যের বিষয়, আজকে এত দিন হয়ে গেলেও তাদের চিহ্নিত করা হয়নি।’
সম্প্রীতি সমাবেশের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইরেশ যাকের এবং সঞ্চালক আনজাম মাসুদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, তারিক আনাম খান, নিমা রহমান, গাজী রাকায়েত, শমী কায়সার, তারিন জাহান, শিবলী মোহাম্মদ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, নাদিয়া আহমেদ, শিহাব শাহীন, সুমন আনোয়ার, মীর সাব্বির, আহসান হাবিব নাসিম, মাসুম রেজাসহ অনেক তারকা শিল্পী।
