রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৩ শিক্ষার্থী কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করেছেন। রোববার দুপুর ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাদের হাতে পুরস্কার তুলে দেন।
কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বিএ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।
ডিনস অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন-বাংলা বিভাগের আফরিন বানু, দর্শন বিভাগের লায়লাতুন নাহার, ইতিহাস বিভাগের আহমেদ সাগর হোসেন, ইংরেজি বিভাগ নূর আল নাফিস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আতকিয়া ফাহমিদা, আরবি বিভাগের আবু বকর সিদ্দিক, ইসলামিক স্টাডিজ বিভাগের শহীদুল্লাহ, সঙ্গীত বিভাগের সমরেন্দ্র নাথ দাস, নাট্যকলা বিভাগের রাহাত ইসলাম হৃদয় ও তানভীন নাফিসা মীম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইকবাল হোসেন, সংস্কৃত বিভাগের অলিভা আক্তার এবং উর্দু বিভাগের রাবেয়া আক্তার।
অনুভূতি জানতে চাইলে বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন বানু বলেন, ‘কৃতিত্বপূর্ণ এ ফলাফলে প্রাপ্তিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমি যাদের সহায়তা পেয়েছি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি। অ্যাওয়ার্ড (সম্মাননা) সব সময় আনন্দেরই হয়। এ প্রাপ্তি দায়িত্ব আরও বাড়িয়ে দিল। নিঃসন্দেহে এই অর্জন ভবিষ্যতে আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেবে।’
কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন আতকিয়া ফাহমিদা, আবু বকর সিদ্দিক, শহীদুল্লাহ ও সমরেন্দ্রনাথ দাস। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
