জয় দিয়ে নিজেদের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক আসগর আফগানকে বিদায় জানাল আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে ৬২ রানে হারিয়েছে আফগানরা।
বড় ব্যবধানের এই জয়ে সেমিফাইনালে খেলার আশাও বাঁচিয়ে রাখল মোহম্মদ নবীরা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে দুইয়ে আছে তারা।
বিশ্বকাপের মাঝ পথেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক আফগান। দলে নতুনদের সুযোগ করে দিতে অবসর নিচ্ছেন জানান ৩৩ বছর বয়সী তারকা। তবে বিভিন্ন গণমাধ্যম জানায়, পাকিস্তানের বিপক্ষে হারের কষ্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
বিদায়ী ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন আফগান। নামিবিয়ার বিপক্ষে ২৩ বলে ৩ চার ও ১ ছয়ে ৩২ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে লড়াকু পুঁজি পেতে সহায়তা করেন তিনি। ব্যাটিংয়ে নামার আগে প্রতিপক্ষ ও সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পান আফগান।
রবিবার আবুধাবিতে সাবেক অধিনায়কের বিদায়ী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তান। ওপেনিং জুটিতে শেহজাদ ও হজরতউল্লাহ জাজাই (৩৩) মিলে স্কোরবোর্ডে ৫৩ রান জমা করেন। রহমতউল্লাহ গুরবাজ (৪) ব্যর্থ হলেও তৃতীয় উইকেট হিসেবে ফেরার আগে ৩৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৫ রান করেন শেহজাদ। শেষদিকে ১৭ বলে ৫ চার ও ১ ছয়ে অপরাজিত ৩২ রানের ক্যামিও উপহার দেন নবী।
নামিবিয়ার হয়ে দুটি করে উইকেট শিকার করেন রুবেন ট্রাম্পেলম্যান ও লফ্টি ইটন।
জবাব দিতে নেমে নাভিন-উল-হক ও হামিদ হাসানের তোপে ৯ উইকেটে মাত্র ৯৮ রান করতে পারে নামিবিয়া। দলের হয়ে সবোচ্চ ২৬ রান করেছেন ডেভিড ভিসে। এছাড়া ১৪ রান করেন লফ্টি ইটন। ১২ রান আসে অধিনায়ক গারহার্ড ইরাসমাসের ব্যাট থেকে।
আফগানদের হয়ে তিনটি করে উইকেট ভাগাভাগি করেছেন দুই পেসার নাভিন ও হামিদ। ২ উইকেট নিয়েছেন গুলবাদিন নাঈব।
