কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের উত্তরে সাগরে এক জেলের টানা জালে আধা ঘণ্টায় ধরা পড়েছে ২০৪টি রাঙা কোরাল। প্রতিটি কোরাল মাছের গড় ওজন ৫ কেজি। পুরো মাছের স্তূপটি ৭ লাখ টাকায় কিনে নেয় স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদ প্রকাশ বাগগুলা রশিদ তার টানা জালের এক টানেই বিপুল পরিমাণ এই রাঙা কোরাল পেয়ে উচ্ছ্বসিত।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও পর্যটন কর্মী এম এ খোমেনি জানিয়েছেন, বুধবার বিকেলে স্থানীয় জেলে রশিদ আহমেদ তার টানা জাল নিয়ে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সাগরে প্রাসাদ প্যারাডাইজ পয়েন্টে জাল ফেলে। জেলে রশিদ আহমেদ আধা ঘণ্টায় জাল টেনেই তার জালে বিশাল মাছের ঝাঁক ধরা পড়ায় দ্রুত জাল কুলে তুলে আনে। কুলে এনে দেখে জালে একে একে ২০৪টি রাঙা কোরাল মাছ ধরা পড়েছে।
জেলে রশিদ আহমেদ জানিয়েছেন, তার টানা জালে রাঙা কোরাল মাছের একটি ঝাঁক পুরোটাই ধরা পড়েছে। সাগরে এই মাছ ঝাঁক বেঁধে বিচরণ করে থাকে। তাই পুরো এক ঝাঁক কোরাল মাছই জালে ঢুকে যায়।
বিকেলেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মুফিজুল আলম সবগুলো মাছ ৭ লাখ টাকায় কিনে নেয়।
সুস্বাদু এই মাছের কদর রয়েছে পর্যটকদের কাছে। সেন্টমার্টিন দ্বীপে এখন ট্রলারে করে অনেক পর্যটক যাচ্ছে। পর্যটকদের কাছে এই মাছের চাহিদা রয়েছে। মৎস্য ব্যবসায়ী মুফিজুল আলম কিছু মাছ স্থানীয় হোটেল রেস্তোরাঁয় বিক্রি করবেন এবং বাকি মাছ কক্সবাজার ও টেকনাফে বাজারে বিক্রি করবেন বলে জানিয়েছেন।
সেন্টমার্টিন সমুদ্র উপকূলে মাঝে-মধ্যে এই রাঙা কোরালের ঝাঁক জেলেদের জালে ধরা পড়ে। এই মাছ সাগরে ঝাঁক বেঁধে বিচরণ করে থাকে বলে জানিয়েছেন মৎস্য বিশেষজ্ঞরা।
