সংগঠনের তৃণমূলে শৃঙ্খলা রক্ষা, তৃণমূলের কমিটি পুনর্গঠন ও দলীয় কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ৪০টি সাংগঠনিক টিম গঠন করেছে ছাত্রদল। গত বুধবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক জ্যেষ্ঠ নেতা।
ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন দেশ রূপান্তরকে বলেন, ‘তৃণমূলে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনে সমস্যার সৃষ্টি হওয়ায় তা সমাধানে সাংগঠনিক টিম গঠন করে দেওয়া হয়েছে। সাংগঠনিক টিমের সদস্যরা নিজেরা ইউনিয়ন পর্যায়ের নেতাদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করবেন।’
ওই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ঢাকা মহানগর ছাড়া দেশের ৮০টি সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের সহসভাপতি পদের নেতাদের তিনটি, যুগ্ম সম্পাদকদের দুটি এবং সহ-সাধারণ সম্পাদকদের একটি করে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
