চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ের মাটি ধসে পড়ে মোহাম্মদ সাইমন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে বাঁশখালীর সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল পাইরাং চুম্মার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সাইমন স্থানীয় দিনমজুর রশিদ আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় পাহাড়ের কিনারেই রশিদ আহমদে পরিবার নিয়ে বসবাস করতেন। পাহাড়ের নিচের অংশে মাটি কেটে ফেলার ফলে পাহাড়ের উপরের অংশে তৈরি হওয়া মাটির স্তূপ বাঁশঝাড়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে ছিল। শুক্রবার বিকেলে শিশু মোহাম্মদ সাইমন পাহাড়ের কিনারে খেলার সময় হঠাৎ করে উপড়ে আটকে থাকা মাটির স্তূপ ধসে পড়ে তাকে চাপা দেয়।
মাটি ধসের শব্দ শুনে মা ও প্রতিবেশীরা এগিয়ে এসে সাইমনকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রিতমা হায়দার শিশুটি মৃত্যু নিশ্চিত করেন।
ডাক্তার জানান, দুর্ঘটনার পরপরই শিশুর মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। নাকমুখে রক্ত বেরিয়ে পড়েছে।
বাঁশখালী থানা-পুলিশের এসআই মো. মাসুদ বলেন, মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছেন।
