এজাজ প্যাটেলের রেকর্ড ১০ উইকেট প্রাপ্তির উচ্ছ্বাসকে সতীর্থদের ব্যর্থতায় বিষাদ বানিয়ে ছাড়লেন রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ২৮.১ ওভারে মাত্র ৬২ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে বেশ কয়েকটি লজ্জার রেকর্ডও গড়েছে কিউইরা।
টেস্টে ভারতের মাটিতে এটি কোনো দলের সর্বনিম্ন স্কোর। আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮৭ সালে দিল্লিতে ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ক্যারিবীয়রা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতেও সর্বনিম্ন স্কোর করল নিউজিল্যান্ড। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ২০০৪ সালে ৯৩ রানে অলআউট হয়েছিল অজিরা।
ভারতের বিপক্ষেও টেস্টে এটি যেকোনো দলের সর্বনিম্ন স্কোর। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ৭৯, ২০১৫ সালের নাগপুরে। এছাড়া নিউজিল্যান্ড বনাম ভারতের টেস্টে এটিই সর্বনিম্ন স্কোর।
কিউইদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেছেন কাইল জেমিসন। এছাড়া ১০ রান এসেছে ওপেনার-অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে। সফরকারীদের আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। তার মধ্যে ৪ উইকেট নিয়েছেন অশ্বিন। পেসার সিরাজের শিকার ৩ উইকেট।
ব্ল্যাক-ক্যাপদের স্বল্প রানে গুটিয়ে মুম্বাই টেস্টে বড় লিডের পথে ছুটছে ভারত। দ্বিতীয়দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৩৮ রান করেছে টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (১৩) ও চেতশ্বর পুজারা (২৫)।
স্বাগতিকেরা লিড নিয়েছে ৩০১ রান। এর আগে আগরওয়ালের সেঞ্চুরি প্রথম ইনিংসে ৩২৫ রান করে ভারত। ৪ উইকেটে ২২১ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করেছিল স্বাগতিকেরা।
আগেরদিনের ৪ উইকেট নেওয়া প্যাটেল দ্বিতীয়দিন নেন আরো ৬ উইকেট। সেই সঙ্গে টেস্ট ইতিহাসের তৃতীয় ও নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন ৩৩ বছর বয়সী স্পিনার।
