ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডে পাড়ি দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
কিউইদের বিপক্ষে সিরিজটির জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে এই সিরিজেও থাকছেন না ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে থাকা ২০ জনের মধ্যে সাইফ হাসান নেই। টাইফয়েডে আক্রান্ত হওয়ায় ঢাকা টেস্টের আগেই ছিটকে যান তিনি। নিউজিল্যান্ডেও যে তার যাওয়া হবে না সেটিও অনুমিতই ছিল।
সাইফ ছাড়াও অফ স্পিনার নাঈম হাসান ও ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা বাদা পড়েছেন।
রাজা পাকিস্তান সিরিজেই প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পান। কোনো ম্যাচ খেলার সুযোগই পেলেন না তিনি। নাঈম হাসানও পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
তিনজনকে বাদ দিয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে একজনকে। চোট কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সব মিলে ৬ পেসার নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল।
নতুন বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ দলের। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি থেকে।
পাকিস্তান সিরিজ শেষে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিমান ধরবে টাইগাররা। সেখানে গিয়ে কোয়ারেন্টাইন করতে হবে।
সবশেষ গত মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফর করে এসেছে বাংলাদেশ। সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা।
নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং মোহাম্মদ নাঈম শেখ।
