কৃষকদের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার না করা পর্যন্ত সিংঘু সীমান্ত থেকে সরবেন না বলে জানিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকরা।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্দোলনরত কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার (এসকেএম) ৫ সদস্যের একটি কমিটি সরকারের সঙ্গে আরেক দফা বৈঠকের পর এ কথা জানায়।
বৈঠক শেষে এসকেএম নেতারা বলেন, কৃষকদের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার না করা পর্যন্ত সিংঘু সীমান্ত থেকে সরবেন না। এছাড়া লিখিত আশ্বাসের দাবি করেছেন।
কৃষক নেতা রাকেশ তিকাইত বলেছেন, বৈঠকে এমএসপি, আন্দোলনের সময় নিহত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা।
এসকেএম-এর পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল, অশোক ধাওয়ালে, শিব কুমার কাক্কা, গুরনাম সিং চাদুনি এবং যুধবীর সিংকে কমিটির সদস্য করা হয়।
তিকাইত বলেন, আন্দোলনের ভবিষ্যত গতিপথ নির্ধারণে আগামী ৭ ডিসেম্বর সকাল ১১টায় মোর্চার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
কৃষক নেতা এবং এসকেএম সদস্য অশোক ধাওয়ালে বলেন, নিহত কৃষকদের ক্ষতিপূরণ, কৃষকদের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা মামলা' এবং লাখিমপুর খেরি ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
এর আগে, গত সোমবার সংসদে ৩টি বিতর্কিত কৃষি আইন বাতিল করতে একটি বিল পাস করা হয়, যা আন্দোলনরত কৃষকদের অন্যতম দাবি ছিল।
কিন্তু, আন্দোলনরত কৃষকরা তাদের অন্যান্য দাবি যেমন- এমএসপির আইনি গ্যারান্টি, আন্দোলনে নিহতে কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ এবং মামলা প্রত্যাহারের মতো অন্যান্য দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে।
