ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস রচনা করেন এজাজ প্যাটেল। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংসের ১০ উইকেটই নেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই নিউজিল্যান্ড স্পিনার।
দশে দশ উইকেট নিয়ে গড়েছেন রেকর্ড। টেস্ট ইতিহাসের তৃতীয় ও প্রথম কিউই বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।
মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনে মোহাম্মদ সিরাজকে সাজঘরে ফিরিয়ে ১০ উইকেট প্রাপ্তির ঘরে পা রাখেন প্যাটেল। টেস্টে এর আগে এই কীর্তি গড়েছিলেন কেবল দু’জন। ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে।
এবার, এই অভিজাত সংক্ষিপ্ত তালিকায় প্রবেশ করলেন প্যাটেল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ রান দিয়ে প্রথম ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন লেকার।
কুম্বলে এই কীর্তি গড়েন নয়াদিল্লিতে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সবকটি উইকেট নেন ৭৪ রান খরচ করে। ভারতীয় এই কিংবদন্তি স্পিনার তার অবিস্মরণীয় কীর্তি গড়ার ২২ বছর পর প্যাটেলকে স্বাগত জানালেন ‘পারফেক্ট-১০’ ক্লাবে।
কিউইস্পিনারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন কুম্বলে। এই কিংবদন্তি ভারতীয় স্পিনার তার অফিশিয়াল টুইটার পেজে লেখেন, ‘পারফেক্ট-১০’ ক্লাবে স্বাগতম, এজাজ প্যাটেল। দারুণ বল করেছো। ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিনে তোমার এই অর্জন বিশেষ কিছু।’
