হিলিতে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ৫ টাকা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২:৩৩ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। দুদিন আগে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২৭-২৮ টাকায় বিক্রি হলেও বর্তমানে হচ্ছে ৩২-৩৩ টাকায়। ব্যবসায়ীদের কারসাজিতেই নিত্যপণ্যটির দাম ঊর্ধ্বমুখী বলে দাবি পাইকারদের।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে এসেছেন ইয়াসিন আলী। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার  প্রতি কেজি পেঁয়াজ ২৭-২৮ টাকায় কিনে বিক্রি করি মোকামে। গত শনিবার বাজারে এসে দেখি দাম ৫ টাকা বেড়ে হয়েছে ৩২-৩৩ টাকা। এদিন ২৮ ট্রাক পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। তারপরও দাম বাড়তি।’ ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়াচ্ছেন বলে দাবি তার।

এদিকে গতকাল সাড়ে ৫ ঘণ্টা বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। ভারত থেকে বাংলাদেশে রপ্তানিকৃত পণ্যের ওজন কম হওয়ার অভিযোগে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সমাধানের আশ^াস দিয়ে দুদিন সময় নেওয়ায় তারা পণ্য রপ্তানি শুরু করেছে বলে দাবি ভারতীয় ট্রাকচালকদের।

ভারতের দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন ঘোষ বলেন, ‘বাংলাদেশে রপ্তানিকৃত পণ্যগুলো আমাদের এখানে ওজন করিয়ে ট্রাকে লোড করি। এরপর সেই পণ্য নিয়ে ট্রাক হিলি স্থলবন্দরে যায়। কিন্তু বন্দরের ভেতরের কাঁটায় আবারও সেই পণ্যের ওজন করানো হলে তা পরিমাণে কম হয়। এ জন্য প্রতি ট্রাকে ৫-৭ হাজার টাকা ডেমারেজ দিতে হয়। দীর্ঘ দিন আমরা এর প্রতিবাদ করলেও বাংলাদেশের অ্যাসোসিয়েশন কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে রপ্তানি বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দুদিন সময় চাওয়া হয়েছে। এ জন্য আমরা অবরোধ তুলে কার্যক্রম শুরু করেছি।’

এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে আবারও রপ্তানি বন্ধের হুমকি দেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত