পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে ঘরে আগুন দিয়ে শামসুল হক (৫৬) নামে এক কৃষককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে গতকাল রবিবার ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্র ও এলাকাবাসী জানায়, ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামের মৃত মহিউদ্দিন প্রামাণিকের ছেলে শামসুল হকে সঙ্গে তারই আপন বড় ভাই আসাদুল হকের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত লিচুর মৌসুমে সেই বিরোধের বলি হয়ে শামসুল হকের গাছেই নষ্ট হয়েছে লাখ টাকার লিচু। বিষয়টি নিয়ে সেই সময় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সুবিচার পান শামসুল হক। কিন্তু থেমে থাকেননি তার ভাই আসাদুল। সদ্য সমাপ্ত সলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী হন আসাদুল হক। কিন্তু শামসুল হক কাজ করেন অন্য একজন প্রার্থীর পক্ষে। এতে আরও ক্ষিপ্ত হন আসাদুল। নির্বাচনে আসাদুল বিজয়ী হলে ভাই শামসুল হককে আবারও দেখে নেওয়ার হুমকি দেন।
শামসুল হক অভিযোগ করেন, নির্বাচনে আসাদুলের পক্ষে কাজ না করায় আমাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গত ২ ডিসেম্বর গভীর রাতে আমার বাড়ির খড়ির ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে আমার কোনো ক্ষতি না হলেও পুরো খড়ির ঘর ও তিনটি ফলন্ত লিচুর গাছ পুড়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শামসুল জানান, তিনি নিঃসন্তান, তার জমি গ্রাস করার জন্যই তার ভাই আসাদুল সব সময় তাকে অত্যাচার-নির্যাতন করে। এর আগে তাকে মারপিট করে তার ডান চোখ নষ্ট করে দেয় এবং দাঁত ভেঙে দেয়।
অভিযুক্ত আসাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে আগুন ধরিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
ঈশ্বরদী থানার ওসি তদন্ত হাদিউল ইসলাম লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
