ভারতের কেরালা রাজ্যের কোট্টায়াম জেলার কুট্টিয়াম্মা প্রমাণ করেছেন বয়স কেবল সংখ্যা। চাইলে যেকোনো বয়সেই কোনো কিছু শেখা যায়, করা যায় নতুন কিছু। শতবছর কাটিয়ে দিয়েও নতুন করে শুরু করা যায় জীবনের নতুন অধ্যায়। চমকে দেওয়া যায় পুরো দুনিয়াকেও!
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে কেরালার কুট্টিয়াম্মা ১০৪ বছর বয়সে রাজ্য সাক্ষরতা মিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাতে তিনি শুধু যে পাসই করেছেন তাই নয়, রেকর্ড নম্বরও পেয়েছেন। অদম্য এই নারী ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৮৯!
শতবর্ষী কুট্টিয়াম্মা স্কুলের গণ্ডিই পার করেননি ছোটবেলায়। তবে তিনি পড়তে জানতেন। লিখতে পারতেন না। তাই সাক্ষরতা পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েই প্রথমে কাগজ-কলমের সঙ্গে পরিচিত হন তিনি। ধীরে ধীরে লিখতে শিখলেন। কুট্টিয়াম্মার বাড়িতে সকাল ও সন্ধ্যার শিফটে ক্লাস হতো। এ শতবর্ষীকে উৎসাহও দিয়েছেন সবাই। আর তারই ফল হাতেনাতে। সম্প্রতি কোট্টায়ামের আয়রাকুন্নান পঞ্চায়েতের তরফে সাক্ষরতা পরীক্ষা পরিচালনা করা হয়। সেই পরীক্ষাতে বসেন তিনি। ১০০ নম্বরের মধ্যে পান ৮৯!
কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টি নিজে কুট্টিয়াম্মাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, ‘কোট্টায়ামের ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা কেরালা রাজ্য সাক্ষরতা মিশন পরীক্ষায় ১০০-এর মধ্যে ৮৯ নম্বর পেয়েছেন। কুট্টিয়াম্মা দেখিয়েছেন লেখাপড়ার কোনো বয়স হয় না। শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসার সঙ্গে আমি তাকে এবং অন্যান্য নতুন শিক্ষার্থীকে শুভকামনা জানাই।’
ভারতের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এই কেরালায়। কেরালা রাজ্য সাক্ষরতা মিশন অথরিটি রাজ্যের সব নাগরিকের জন্য সাক্ষরতা, শিক্ষার প্রচার করে এই গৌরব এনেছে।
