সুষ্ঠু নির্বাচন করতে হলে আইনের প্রয়োগ যথাযথ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘আচরণবিধি সব প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে বাস্তবায়ন করতে হবে। তবেই একটি ভালো নির্বাচন উপহার দেওয়া যাবে।’
গতকাল রবিবার বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের (ইউপি) নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন আরও বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর সঙ্গে অযথা বৈরী আচরণ করা যাবে না, রিটার্নিং কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, কোনো শক্তির কাছে নত হওয়া যাবে না।’
আসন্ন চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় ১৩টি ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে এই বিশেষ আইনশৃঙ্খলা সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক শাহিদুজ্জামান, বোয়ালমারীর ইউএনও রেজাউল করিম, আলফাডাঙ্গা ইউএনও তৌহিদুল ইসলাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কাজে দায়িত্বপ্রাপ্ত সব পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে একযোগে কাজ করতে হবে। সংবিধান নির্বাচন পরিচালনার যে দায়িত্ব দিয়েছে তা সবাইকেই মানতে হবে। তবেই আমরা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।
ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত বলেন, ‘চলমান স্থানীয় সরকার নির্বাচনে দেশে নিবন্ধিত ২১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এছাড়াও অন্যান্য দলের কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিচ্ছে। যে কারণে এ নির্বাচনে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট প্রয়োগ হচ্ছে।’
