ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:০০ এএম

ভোলার চরফ্যাশনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছে। গতকাল রবিবার ভোররাতের দিকে কুকরি-মুকরিতে এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদরে নাম-পরিচয় জানা যায়নি। র‌্যাব জানিয়েছে, তাদের একজনের বয়স ২৫ ও অন্যজনের ৩০ বছর। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি রামদা, চারটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান জানান, চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরিতে একদল দলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে দস্যুরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গুলি বিনিময়ের পর দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই দস্যুর লাশ উদ্ধার করা হয়। তবে এরা কোন বাহিনীর তা প্রাথমিকভাবে জানা যায়নি। র‌্যাব বিষয়টির তদন্ত করছে।

ভোলা জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, দক্ষিণ আইচা থানা পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত