এক ইনিংসে এজাজ প্যাটেলের রেকর্ড ১০ উইকেট প্রাপ্তির উচ্ছ্বাস সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পর্যবসিত হলো বিষাদে। নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।
ভারতের দেওয়া ৫৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৭ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। মুম্বাই টেস্টে রেকর্ড ৩৭২ রানের জয় পেয়েছে বিরাট কোহলিরা।
টেস্টে নিজেদের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ রানের জয়। এর আগে তাদের সর্বোচ্চ রানের জয়টি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০১৫ সালে দিল্লিতে প্রোটিয়াদের ৩৩৭ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। রানের ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আগের সর্বোচ্চ জয়টি ছিল ৩২১ রানের, ২০১৬ সালে, ইন্দোরে।
অলৌকিক কোনো কিছু ছাড়া মুম্বাই টেস্ট বাঁচানো কঠিন ছিল কিউইদের সামনে। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে গুটিয়ে যাওয়ায় ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।
অথচ নিউজিল্যান্ডকে পথ দেখিয়েছিলেন প্যাটেল। টেস্ট ইতিহাসের তৃতীয় ও প্রথম কিউই বোলার হিসেবে একাই ১০ উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংস ৩২৫ রানে থামিয়েছিলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই স্পিনার।
কিন্তু টেস্ট চ্যাম্পিয়ন ব্ল্যাক-ক্যাপরা যেন ব্যাট করাটায় ভুলে গেল রবিচন্দ্রন অশ্বিনদের সামনে। বড় লিড পেয়ে ভারত দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে শুরু করে। ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান করার পর ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকেরা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার মায়াঙ্ক আগরওয়াল দ্বিতীয় ইনিংসে পান ফিফটির দেখা। আর প্যাটেল দশের সঙ্গে যোগ করেন আরও চার উইকেট।

তৃতীয় দিনেই বড় টার্গেট ছুড়ে দেওয়া ভারত চতুর্থদিন শেষ করে জয়ের সুবাস নিয়ে। পঞ্চম ও শেষদিনে জয়ের জন্য কোহলিদের দরকার ছিল মাত্র ৫ উইকেট। আর নিউজিল্যান্ডের ৪০০ রান। কিন্তু রান চাপায় পড়া কিউইরা অসহায় আত্মসমর্পণ করল অশ্বিন ও জয়ন্ত যাদবের ঘূর্ণির সামনে। এই দুই স্পিনার কিউইদের দ্বিতীয় ইনিংসে ভাগাভাগি করেছেন ৪টি করে উইকেট। এর আগের ইনিংসেও ৪ উইকেট নেন অশ্বিন।
শেষদিনের সকালে ২৭ রান করতেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৫ উইকেটে ১৪০ রান নিয়ে চতুর্থদিন শেষ করেছিল সফরকারীরা। ২২৫ রানে ১৪ উইকেট নিয়েও পরাজিত দলেই থাকলেন প্যাটেল। যা রেকর্ডও। দুই ইনিংসে এত উইকেট নিয়েও কোনো বোলোরকে পরাজয় বরণ করতে হয়নি আগে। এক ইনিংসে ১০ উইকেটের ক্লাবে নাম লেখানো প্যাটেলের আগের দুই পূর্বসূরী জিম লেকার ও অনিল কুম্বলেও জয় পেয়েছিলেন তাদের কীর্তি গড়ার টেস্টে।
দুই সিরিজের টেস্ট ভারত জিতল ১-০ ব্যবধানে। প্রথম টেস্ট ড্র হয়েছিল। কানপুরে পঞ্চম ও শেষ দিনে দারুণ ব্যাটিংয়ে ম্যাচ বাঁচিয়েছিল নিউজিল্যান্ড।
মুম্বাই টেস্টের ম্যাচ সেরা হয়েছেন আগরওয়াল। সিরিজ সেরা অশ্বিন। এর আগে ভারত সফরে আসা কিউইরা টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।
নিউজিল্যান্ড টেস্ট ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন। গত জুনে সাউদাম্পটনে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল কিউইরা।
