চট্টগ্রাম নরসিংদীর পর এবার নাটোরে ট্রাককে ট্রেনের ধাক্কা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০২:৪৩ এএম

নাটোর রেলওয়ে স্টেশন থেকে ৫০০ মিটার দক্ষিণে তেবাড়িয়া রেলক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে।

এর আগের দিন রবিবার নরসিংদীর রায়পুরার থানাবাড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে একটি ইজিবাইকে ১ কিলোটার টেনে নিয়ে যায় ট্রেন। এ ঘটনায় ইজিবাইকচালক নিহত হন। শনিবার চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাওতলা একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশয়ায় থাকা তিন যাত্রী প্রাণ হারান। এর মধ্যে নাটোরে রেলক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটল।   

নাটোর রেলস্টেশন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার ভোররাত চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নাটোর রেলস্টেশনের এক কিলোমিটার দক্ষিণে তেবাড়িয়া রেলক্রসিংয়ে আটকে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটিকে প্রায় আধা কিলোমিটার উত্তরে সার গোডাউনের সামনে দুমড়েমুচড়ে নিয়ে যায়। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা পর ট্রাকটি রেলপথ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে সকাল নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকতার হোসেন বলেন, দুর্ঘটনার সময় ট্রাকটির চালক ও সহকারী ট্রাকে ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ট্রেনের লাইন অক্ষত আছে।

নাটোর রেলস্টেশনের স্টেশনমাস্টার অশোক চক্রবর্তী বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ভোররাত ৪টার দিকে আসার সময় তেবাড়িয়া রেলক্রসিংয়ের প্রতিবন্ধক নামানো ছিল। কিন্তু ট্রাকটির চালক বেআইনিভাবে রেলক্রসিংয়ে উঠে আটকে যান। এ সময় ট্রেন আসতে দেখে চালক ও সহকারী ট্রাক ফেলে রেখে পালিয়ে যান। পরে দাঁড়ানো ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত