দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০২:৪৫ এএম

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দুদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন করা শ্রিংলা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শ্রিংলার ঢাকা সফর সম্পর্কে বলেন, ‘দুই দেশের মধ্যে যত যোগাযোগ বাড়বে তত ভালো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এ বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এসেছিলেন এবং এবারের ১৬ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। কিছুদিন আগে দুই রাষ্ট্র সচিবের মধ্যে ফোনালাপে হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা আসার আগ্রহ ব্যক্ত করলে সানন্দে রাজি হন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ওই কর্মকর্তা বলেন, গত মার্চে আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছিলাম, কিন্তু কভিডের কারণে বেশিদূর অগ্রসর হওয়া সম্ভব হয়নি। এবারে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বিষয়গুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ থাকবে ঢাকার পক্ষ থেকে। শ্রিংলার সফরে কুশিয়ারা নদী, কভিড টিকা সরবরাহ, বাণিজ্য বৈষম্যসহ অন্যান্য পেন্ডিং ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত