ফলোঅনের সঙ্গে পরাজয়ের শঙ্কায় টাইগাররা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:৪০ পিএম

পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খানের ঘূর্ণিতে বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্ট প্রাণবন্ত হয়ে উঠল ম্যাচের চতুর্থ দিনে।

অবশ্য স্বাগতিক বাংলাদেশের দর্শকদের আনন্দের উপলক্ষ নেই। বরং হতাশ জনক ব্যাটিংয়ে দিন শেষে শুধু ফলোঅনই নয়, পরাজয়ও চোখ রাঙাচ্ছে মুমিনুল হকের দলকে।

মঙ্গলবার চতুর্থ দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৭৬/৭। ফলোঅন এড়াতে আরো ২৪ রান চাই।

তাইজুল ইসলামের সঙ্গে (০) উইকেটে আছেন সাকিব আল হাসান। যিনি ৩২ বলে ২৩ রানে অপরাজিত আছেন।

আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে প্রথম তিন দিনে খেলা হয় মাত্র ৬৩.২ ওভার। এই টেস্ট ড্র হতে যাচ্ছে এমনটাই ধারণা ছিল সবার। কিন্তু বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে বদলে গেল দৃশ্যপট।

বুধবার পঞ্চম ও শেষ দিনে ম্যাচের পুরো দিন খেলা হলে বাংলাদেশের হার এড়ানোটাই চ্যালেঞ্জিং হবে।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে নেয় পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়াতে এই টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকেরা।

চা বিরতির আগেই পাকিস্তান ইনিংস ঘোষণা করে দেয় ৪ উইকেটে ৩০০ রানে।

এরপর ব্যাটিং শুরু করে বাংলাদেশ। স্বাগতিক ব্যাটারদের জন্য বড় সুবিধা ছিল অপর্যাপ্ত আলোর কারণে বাবর আজম শুধু স্পিনার ব্যবহার করছিলেন। শাহিন শাহ আফ্রিদিকে দিয়ে মাত্র ১ ওভার বল করিয়েছেন। হাসান আলি বলই করেননি।

তবে সাজিদ খানের স্পিনেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। যে ৭ ব্যাটার ফিরেছে তার ৬টিই সাজিদ তুলে নেন। অধিনায়ক মুমিনুল হক (১) শুধু রান আউটে কাটা পড়েন।

তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ৩০ রান করেন। প্রথম ছয় ব্যাটারের আর কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত