প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
মঙ্গলবার করা এ অভিযোগে বলা হয়, ফেইসবুকে মুরাদ হাসান উস্কানিমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি সাইবার টিম তদন্ত করে দেখবে।’
ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদারের দায়ের করা এ অভিযোগে বলা হয়, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান নাহিদরেইনস পিকচারসের ফেইসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠানে বিদ্বেষমূলক বক্তব্য দেন।
সেখানে মুরাদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কটূক্তি করেন এবং দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠকে উদ্দেশ্যমূলকভাবে তাচ্ছিল্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, ঢাবির রোকেয়া হল ও শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীদের চরিত্র হননের অপচেষ্টা করেন মুরাদ হাসান।
এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় অভিযোগে।
