পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:১৬ এএম

পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসির ৮০২তম কমিশন সভায় এ বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। এটি অনিরাপদ, শর্তসাপেক্ষে পরিবর্তনযোগ্য, সম্পূর্ণরূপে পরিশোধিত, নন-কমিউলিটিভ, ব্যাসেল-৩ কমপ্লায়েন্ট পারপেচুয়াল বন্ড।

এসইসি জানিয়েছে, পূবালী ব্যাংকের বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ (ফ্লোর) থেকে ১০ শতাংশ (সিলিং) করা থাকবে, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে পূবালী ব্যাংকের অ্যাডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল। অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত