ভারতে চ্যাম্পিয়ন যুব দল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৫৬ এএম

জানুয়ারিতে উইন্ডিজে বসবে যুব বিশ্বকাপের আসর। তার আগে এশিয়া কাপ ব্যস্ততা আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এবার তো বিশ্বকাপ ধরে রাখার মিশন যুবাদের। তার আগে ভালো প্রস্তুতি সারল অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা। ভারতে ত্রিদলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলেছেন বাংলাদেশের যুবারা।

কলকাতার ইডেন গার্ডেনসে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে বল সমান রানের ইনিংসে সেই ধাক্কা কাটিয়ে দেন আইচ মোল্লা। ৯১ বলে ৯৩ রান করে রানআউট হওয়ায় সেঞ্চুরি মিস হয় এই তরুণের। এছাড়া ৫৮ বলে ৫০ রান আসে আশিকুর জামানের ব্যাট থেকে। নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে বাংলাদেশি বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। অলআউট হয় মাত্র ৫৩ রানে। ৩৮ বলে সর্বোচ্চ ২৬ রান করেন উদয় সাহারান। বাংলাদেশের পক্ষে ৬.৩ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন স্পিনার নাইমুর রহমান নয়ন।

২০২০-এ খালেদ মাহমুদ সুজনের পরিচালনাতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সাফল্য আসে। যুবাদের তৈরি করার দায়িত্বে এখনো আছেন সুজন। কারণ বর্তমান দলের সাফল্যে খুশি সুজন জানালেন আসল টুর্নামেন্টের আগে আরও গুছিয়ে উঠতে চান, ‘এটা অবশ্যই ভালো সাফল্য। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটা দরকার ছিল। আমরা তো এ বছর অনুশীলন বা ম্যাচ অনুশীলন কম করেছি এ দলটা তারপরও ভারতের কন্ডিশনে দুটা দলের সঙ্গে ১৯-এ ও বি ওদের বিপক্ষে জেতা অবশ্যই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। এখন তো দলটা গুছিয়ে ফেলেছে। উইন্ডিজের সেন্ট কিটসে খেলা হবে। সেখানের কন্ডিশন আমাদের স্পিনারদের জন্য ভালো হবে, যদিও এই দলে দারুণ পেসার ম্যাচ উইনার আছে। তো বিশ্বকাপের আগে আমরা গুছিয়ে ফেলব আশা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত