গাজীপুরে রিসোর্টে হামলা

মালিকদের নামেই চাঁদাবাজি মামলার অভিযোগ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০১:১৫ এএম

গাজীপুরে একটি ইকো রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর ও আহত করার পর ওই রিসোর্ট মালিকদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির মামলা করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকায় রাজেন্দ্র ইকো রিসোর্টে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজেন্দ্র ইকো রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বজলুল করিম।

তিনি জানান, ওই এলাকার কবির আহম্মদ মাহমুদী ও সাব্বির আহমেদ মাহমুদীর কাছ থেকে ১৮ জন ব্যক্তি জমি ক্রয় করে রাজেন্দ্র ইকো রিসোর্ট লিমিটেড নামে একটি রিসোর্ট গড়ে তোলেন। এতে বিনিয়োগ করা হয় প্রায় ১৮ কোটি টাকা। পরে এ রিসোর্টটি রেজিস্ট্রি অব জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম থেকে কোম্পানি গঠন এবং গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে লাইসেন্স গ্রহণ করা হয়।

তিনি অভিযোগ করেন, কবির আহম্মদ ও সাব্বির আহমেদ এসব জমির ভায়া দলিল ব্যবহার করে ইয়েস পাল্টিপারপাস কো-অপারেটিভ লি. নামে প্রতিষ্ঠান গঠন করেন। রাজেন্দ্র ইকো রিসোর্টের বিভিন্ন কটেজ ভাড়া দিয়ে তা দখল করার পাঁয়তারা করছেন। তারা ইয়েস পাল্টিপারপাস কো-অপারেটিভ লি.-এর নিবন্ধন বাতিলেরও দাবি জানান। এই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে ৫০-৬০ জনের একদল বহিরাগত লোক অবৈধভাবে রিসোর্টে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও কর্মচারীদের মারধর করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে আটক করে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত