সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক কর্র্তৃপক্ষের বিরুদ্ধে প্রায় ১৫ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে রোহিঙ্গারা। গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা মামলাটি দায়ের করেন। মামলায় ফেইসবুক কর্র্তৃপক্ষের বিরুদ্ধে গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয় বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বহুসংখ্যক রোহিঙ্গা শরণার্থী ফেইসবুকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দিয়েছে ফেইসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটি নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করেছে। এর ক্ষতিপূরণ হিসেবে তারা ১৫ হাজার কোটি ডলার দাবি করছে।
২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে সামরিক দমন অভিযানের সময় আনুমানিক ১০ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছিল। তখনকার বিভিন্ন ছবি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ফেইসবুক অর্থনৈতিকভাবে লাভবান হতে উসকানিমূলক ভিডিও, সহিংসতা এবং অপপ্রচারের ভিডিও ও তথ্য সংবলিত পেইজগুলোকে ব্যবহারকারীদের দেখতে উৎসাহিত করেছে। এতে ঘৃণ্য অপপ্রচার আরও বেড়েছে এবং তা গণহত্যায় উসকানি হিসেবে কাজ করেছে।
