বুধবার বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের শেষ দিনে স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্রকার সৃজিত মুখোপাধ্যায়। এই চলচ্চিত্রকার জানালেন সাকিবকে একটি বায়োপিকও বানানোর ইচ্ছা তার।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার উত্তেজনা বলতে ছিল বাংলাদেশ ম্যাচ বাঁচাতে পারে কিনা। নিরপেক্ষ ক্রিকেট ভক্তদের জন্য এই ম্যাচ মোটেও আকর্ষনীয় হওয়ার কথা নয়। এমন একটি ম্যাচে দেখতে সৃজিতকে মিরপুরের গ্যালারিতে পাওয়া তাই বেশ বিস্ময়ের।
তবে সৃজিত বলেন, ‘সাকিব আল হাসান তিনটা শট মারল যে মারল... একদম মন ভরে গেল, আসাটা বৃথা যায়নি।’
মূলত বিবাহ বার্ষিকী পালন করতে ‘শ্বশুর বাড়ি’ বাংলাদেশে এসেছেন সৃজিত। সময়টা একদম অবসরের। মিরপুরে আছে তার আত্মীয়ের বাসা। সেই ফাঁকে একটি টেস্ট ম্যাচ মিস করতে চাইলেন না। জানালেন, বাংলাদেশের কোন গ্যালারিতে এই প্রথম খেলা দেখছেন তিনি।
চা-বিরতির ঠিক আগে মুশফিকুর রহিম রান আউটে কাটা পড়তেই সৃজিতের আক্ষেপ, ‘ইশ এই রানটা কেন নিতে গেল। এরপরে মেহেদী ছাড়া (মেহেদী হাসান মিরাজ) তো ব্যাটসম্যানই নেই। ম্যাচটা বাঁচানো কঠিন।’
দারুণ খেলতে থাকা লিটন দাসের আউট নিয়েও ঝরল আক্ষেপও। বাংলাদেশের ক্রিকেটের বেশ ভালো খবর রাখেন জনপ্রিয় এই পরিচালক। টি-টোয়েন্টি বেশ কিছুদিন ধরে খারাপ সময় গেলেও আফিফ হোসেনের নাম করে বললেন, ‘খুব প্রতিশ্রুতিশীল। ওর খেলা তো দারুণ।’
সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে বেশ কিছু কাজ হাতে নিয়েছেন সৃজিত। ভারতের নারী ক্রিকেটের মিতালি রাজকে নিয়ে তার নতুন সিনেমা ‘সাবাশ মিঠু’ কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে। ভারতের কোন নারী ক্রিকেটারকে নিয়ে এর আগে কোন সিনেমা হয়নি।
