৮৭ বছর পর স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের সেই ঐতিহাসিক ব্যাটটি নিলাম উঠতে যাচ্ছে। এই ব্যাটেই ১৯৩৪ সালের অ্যাসেজ সিরিজে একটি ট্রিপল সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।
ক্রিকেট ইতিহাসে ব্র্যাডম্যানের এই ব্যাটটির গুরুত্ব অপরিসীম। এই ব্যাট হাতে নেমেই টেস্ট ক্রিকেটে ৪৫১ রানের সর্বোচ্চ পার্টনারশিপ গড়েছিলেন বিল পন্সফোর্ডের সঙ্গে।
সেই ব্যাট নিলামে তোলা নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। নিলামের আগেই সেই রেকর্ড গড়া ব্যাটই সব রেকর্ড ভেঙে দিতে পারে বলেই ধারণা আয়োজকদের।
এই ব্যাটটি অবশ্য আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তবে যিনি ব্যাটটি কিনেছিলেন, তিনি নিজেই ১৯৯৯ সালে ব্যাটটি বাউরালে ব্র্যাডম্যানের মিউজিয়ামে রেখে দিয়েছিলেন।
দ্য উইলিয়ামস স্কাইস অ্যান্ড সন্স নামক বিখ্যাত ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ওই ব্যাট প্রস্তুত করেছিল।
এই ব্যাট দিয়েই ১৯৩৪ সালের অ্যাসেজ সিরিজে সব মিলিয়ে ৭৫৮ রান করেছিলেন ডোনাল্ড ব্র্যাডম্যান। যার মধ্যে হেডিংলের ৩০৪ রানের ইনিংস রয়েছে। আর ওভালে ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাট দিয়েই।
৫২ টেস্টে ৬৯৯৬ রান করেছিলেন ডন। তার ক্যারিয়ারে ওই ব্যাটের ভূমিকার কথা বারবার বলতে শোনা গিয়েছিল ব্র্যাডম্যানকে। বডি লাইন সিরিজের পর ওই ব্যাট ব্যবহার করতেন তিনি।
ব্র্যাডম্যানের মিউজিয়ামের কার্যকরী ডিরেক্টর রিনা হোর দাবি করেছেন, ‘ওই ব্যাট হাতে যে দুটি বড় ইনিংস খেলেছিলেন, তা ব্যাটের উপর নিজের হাতে লিখেও রেখেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। সেটা এখনো ঠিকঠাক আছে। আমার তো মনে হয় ওই ব্যাট ক্রিকেট সম্পদ।’
