যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

খালেদার চিকিৎসা হচ্ছে ব্যয়বহুল হাসপাতালে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০২:০৩ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশের সব থেকে ব্যয়বহুল হাসপাতালে হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ বাংলাদেশে সব থেকে দামি যে হাসপাতাল, যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু তার চিকিৎসা হচ্ছে। তার ছেলে তারেকের বউ ডাক্তার। শুনেছি সে নাকি অনলাইনে শাশুড়িকে দেখে।

কই ছেলে, ছেলের বউ তো কোনোদিন দেখতে এলো না। অবশ্য কোকোর বউ এসেছে। তারা তো আসেনি। যাই হোক তবু বিএনপি এতদিন পর একটা সুযোগ পেয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিতে তারা আন্দোলন করছে। খুব ভালো তারা আন্দোলন করুক। কিন্তু আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু আমি করেছি।

গতকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সরকারপ্রধান বলেন, যাই হোক তবু বিএনপি এতদিন পর একটা সুযোগ পেয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিতে তারা আন্দোলন করছে। খুব ভালো তারা আন্দোলন করুক। কিন্তু আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু আমি করেছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি বিএনপির নেতাদের জিজ্ঞাসা করি তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায় খালেদা জিয়া কেমন আচরণ করেছিল? একুশে আগস্ট যে গ্রেনেড হামলা তার আগে খালেদা জিয়ার কী বক্তব্য ছিল? শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা কোনো দিন বিরোধী দলের নেতাও হতে পারবে না এই বক্তৃতাই তো খালেদা জিয়া দিয়েছিল এবং আওয়ামী লীগ একশ’ বছরেও ক্ষমতায় যেতে পারবে না। আল্লাহর খেলা বোঝা তো ভার। বরং খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হতে পারেনি, বিরোধীদলীয় নেতাও হতে পারেনি। এটা তার ওপরেই ফলে গেছে।’

সরকারপ্রধান বলেন, ‘তারপরও সে যখন অসুস্থ এবং দুর্নীতির দায়ে দোষীসে দুর্নীতিটা কী? গ্যাটকোর কেস তার বিরুদ্ধে, নাইকোর কেস তার বিরুদ্ধে এবং এটা কিন্তু আমাদের না। আমেরিকার এফবিআই তারা খুঁজে বের করেছে। সিঙ্গাপুরে তার এবং তার ছেলের দুর্নীতি বেরিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাই বের করেছে। সেই কেসগুলো তো আছেই। সবচেয়ে বড় কথা এতিমদের জন্য টাকা এসেছিল। সেই এতিমদের টাকা এতিমের হাতে কোনোদিন পৌঁছায়নি। সে টাকা নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা আরও বলেন, ‘নিজেই খেয়েছে সে টাকা, খালেদা জিয়াই ভোগ করেছে এতিমের অর্থ। কাজেই সেই সাজা পেয়েছে এবং সেই সাজা সে ভোগ করছে। তারপর সে কারাগারে ছিল। খালেদা জিয়ার বড় বোন আর ভাই আমার কাছে এসেছে। বোন, বোনের স্বামী, ভাই এরা সব এসেছিল। এলো যখন খুব স্বাভাবিকভাবে রেহানাও আমার সঙ্গে উপস্থিত ছিল। একটা মানবিক দিক থেকে আমি তাকে তার বাড়িতে থাকার একটা ব্যবস্থা আমার এক্সিকিউটিভ পাওয়ারে আমি যতটুকু করতে পারি অর্থাৎ নির্বাহী যে ক্ষমতাটা আমার আছে সেটার মাধ্যমে আমি তার সাজাটা স্থগিত করে বাসায় থাকার অনুমতি এবং চিকিৎসার অনুমতি দিয়েছি।’

সরকারপ্রধান বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশের কী অবস্থা ছিল? আজ তার চিকিৎসার জন্য এত চেঁচামেচি করে বেড়াচ্ছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমান যখন অসুস্থ তাকে সিএমএইচে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি, এমনকি সে যখন আইসিইউতে ভর্তি তাকে স্ট্রেচারে করে কোর্টে নিয়ে হাজির করেছে। তাকে জেনারেল পদ দেওয়া হয়েছিল সেটা বাতিল করে দিয়েছিল। তার প্রমোশনও বাতিল করেছিল। আমি সেনাবাহিনীতে নারী অফিসারদের ভর্তি নিশ্চিত করি। কারণ, আমাদের সশস্ত্র বাহিনীতে আগে নারী সদস্য ছিল না।’

তিনি বলেন, ‘মেয়েরা সেনাবাহিনীতে ছিল না, আমি তাদের নিই। মোস্তাফিজের ছোট মেয়ে সে প্রথম ব্যাচে জয়েন করে। তার পাসিং আউট প্যারেড যখন হয় খালেদা জিয়া ক্ষমতায়। আমি একটা নিয়ম করেছিলাম সেটা এখনো চলমান বাবা-মা তাদের প্যারেডে উপস্থিত থাকবে। তারা নিজের হাতে তার সন্তানকে ব্যাজ পরাবে। দুর্ভাগ্যের বিষয় হলো, খালেদা জিয়া জেনারেল মোস্তাফিজ ও তার স্ত্রীকে আসতে দেয়নি। তার মেয়ের ব্যাজটা তারা পরাতে পারেনি। অথচ এরাই ছিল সেনাবাহিনীতে প্রথম নারী অফিসার। কিন্তু মোস্তাফিজের সেই পারমিশনটা পর্যন্ত ছিল না এই হলো খালেদা জিয়া।

তিনি বলেন, ‘আমাদের পার্টির অনেক নেতাকে গ্রেপ্তার করে যে অকথ্য অত্যাচার করেছে বাহাউদ্দিন নাছিম থেকে শুরু করে মহীউদ্দীন খান আলমগীর, সাবের হোসেন, শেখ সেলিমসহ বহু নেতাকে গ্রেপ্তার করে তাদের ওপর অকথ্য নির্যাতন করেছে। নাছিমকে তো এমন অত্যাচার করেছিল যে তাকে মৃত মনে করে তাড়াতাড়ি কারাগারে পাঠিয়ে দেয়। সে বেঁচে গেছে। দিনের পর দিন অত্যাচার করেছে আবার সেই অত্যাচারের ভিডিও নিয়ে খালেদা জিয়া-তারেক জিয়া দেখে উৎফুল্ল হয়েছে। এই ধরনের হিংস্র একটা চরিত্র আমরা দেখেছি।’

প্রধানমন্ত্রী বলেন, শুধু তাই না, খালেদা জিয়ার ছেলে কোকো যখন মারা গেল আমি গেলাম সহানুভূতি দেখাতে। আমি হঠাৎ করে যাইনি। আমার এখান থেকে আমার মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করেছে। এডিসি যোগাযোগ করেছে। সময় নির্দিষ্ট করা হয়েছে। আমি সময় মতো গেছি। আমার এখান থেকে এসএসএফ গেছে, সেখানে তারা দেখেছে কোথায় যাব। আমি যখন রওনা হয়ে গেছি, গুলশান রোডে ঢুকছি তখন শুনলাম ওই বাড়ির মেইন গেট খুলবে না, আমার গাড়ি ঢুকতে দেবে না। তা আমি বললাম এতদূর যখন চলে এসেছি ফিরে আসব কেন? পাশে নিশ্চয়ই পকেট গেট আছে, সেখান দিয়ে যাব। যখনই আমার গাড়িটা বাড়ির সামনে থেমেছে আমার যে এসএসএফ অফিসারটা ভেতরে ছিল সে আমাকে ভেতরে নিতে জাস্ট বাইরে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে তালা দিয়ে দেয় তারা। আমি গাড়ি থেকে নেমে বেকুব হয়ে গেলাম, আমি আর ঢুকতে পারিনি। আমি গেছি একটা সন্তানহারা মাকে সহানুভূতি দেখাতে। আর সেখানে এভাবে অপমান করে ফেরত দিয়েছে আমাকে।

তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল। কারণ, তার ইচ্ছা ছিল কোনোমতো জনগণের ভোটটা চুরি করে সে ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু চুরি করা সম্পদ যে ধরে রাখা যায় না, জনগণের ভোট চুরি করলে আর ক্ষমতায় থাকা যায় না সেটা সে বুঝতে পারেনি। ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে কর্নেল রশীদ এবং মেজর হুদা একজনকে কুমিল্লা থেকে আরেকজনকে চুয়াডাঙ্গা থেকে সেই ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত ঘোষণা করে পার্লামেন্টে এনে বসায়। আর জিয়াউর রহমান যেমন ওই রাজাকার-আলবদর বাহিনী এবং যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে তাদের মন্ত্রী, উপদেষ্টা করেছিল, খালেদা জিয়াও সেই একই পদাঙ্ক অনুসরণ করে সেই যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায় এবং ক্ষমতায় বসায়।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ ফেব্রুয়ারির সেই ভোট চুরির নির্বাচন খালেদা জিয়া টিকিয়ে রাখতে পারেনি। ভোট চুরির অপরাধে এই বাংলাদেশের মানুষ আন্দোলন গড়ে তোলে এবং খালেদা জিয়া বাধ্য হয় ৩০ মার্চ ’৯৬ সালে পদত্যাগ করতে। গণ-আন্দোলনের মুখে খালেদা জিয়া পদত্যাগ করেছিল এটা বোধহয় দেশবাসীর মনে রাখা উচিত। ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি করে নির্বাচিত ঘোষণা করেছে নিজেকে। তৃতীয়বারের প্রধানমন্ত্রী হয়েছে। আর ঠিক তার দেড় মাসের মধ্যে তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে।

উসকানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে : এছাড়া গতকাল বুধবার ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ ৮টি নবনির্মিত স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কলকারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টি করতে বাইরে থেকে অনেকে উসকানি দিয়ে থাকেন। এ বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। এখানে মালিক-শ্রমিক সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

শ্রমিক-মালিক সুসম্পর্কের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি সবসময় একটা অনুরোধই করব আমাদের মালিক এবং শ্রমিক সবাইকে, শ্রমিক-মালিকের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মালিকদের সবসময় মনে রাখতে হবেএই শ্রমিকরা শ্রম দিয়েই কিন্তু তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। আবার সেই সঙ্গে শ্রমিকদেরও এই কথা মনে রাখতে হবে কারখানাগুলো আছে বলেই তারা কাজ করে খেতে পারছেন, তাদের পরিবার-পরিজনকে পালতে পারছেন বা তারা নিজেরা আর্থিকভাবে কিছু উপার্জন করতে পারছেন।’

অনুষ্ঠান থেকে ৩০টি প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে এসব প্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত