আবারও হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০১:০৭ পিএম

বিখ্যাত পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবারও অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক ফেইসবুক পোস্টে ‘আম্মাজান’ নির্মাতার ছেলে অভিনেতা কাজী মারুফ বলেন, ‘আমার বাবা কাজী হায়াতকে তার এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি একটু অসুস্থও বোধ করছিলেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।’

তিনি আরও বলেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে যাতে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারে।’

চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন কাজী হায়াৎ।

সম্প্রতি অনুদানের চলচ্চিত্রে হাত দিয়েছিলেন এ নির্মাতা। মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে নির্মাণ করছেন একই নামের ছবি। মূল দুই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু।

১৯৭৪ সালে মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পা রাখেন কাজী হায়াৎ; পরে আলমগীর কবিরের সঙ্গে ‘সীমানা পেরিয়ে’ ছবিতে কাজ করেন। ১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে তার আবির্ভাব। কাজী হায়াৎ পরিচালিত অন্য ছবির মধ্যে রয়েছে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস ও কাবুলিওয়ালা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত