‘বেগম রোকেয়া’ পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০১:০৮ এএম

নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই পদক দেন।

নারীর আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় কুমিল্লা জেলার শামসুন্নাহার রহমান পরাণ এবার মরণোত্তর রোকেয়া পদক পেয়েছেন। নারীশিক্ষায় অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা এবং নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকার জন্য যশোর জেলার অর্চনা বিশ্বাস পেয়েছেন এ পদক। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে ভূমিকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা এবং পল্লী উন্নয়নে ভূমিকার জন্য কুষ্টিয়ার গবেষক সারিয়া সুলতানাকে রোকেয়া পদক দেওয়া হয়।

পুরস্কৃত প্রত্যেককে এককালীন চার লাখ টাকা, ১৮ ক্যারেট মানের পঁচিশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া দিবস পালন করা হয়। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। ১৯৩২ সালের একই দিনে কলকাতার সোদপুরে তার মৃত্যু হয়। নারী কল্যাণ সংস্থা ১৯৯১ সাল থেকে বেগম রোকেয়া নামের একটি পদক দেওয়া শুরু করে। পরে ১৯৯৬ সাল থেকে সরকারিভাবে বেগম রোকেয়া পদক দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত