পশ্চিমবঙ্গে চাকরি করতে হলে শুধু বাংলা বলতে পারলেই হবে না, পড়তে-লিখতেও জানতে হবে। চাকরির ক্ষেত্রে ভাষা নিয়ে এমন বাধ্যবাধকতার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত বুধবার মালদহে জেলা পর্যায়ে প্রশাসনিক বৈঠকে তিনি এসব কথা বলেন জানিয়েছে খবর ইন্ডিয়া টুডে।
এ সময় মুখ্যমন্ত্রী এ নির্দেশনা কার্যকরে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
বৈঠকে মমতা বলেন, ‘বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে চাকরি করতে এলে তাদের বাংলা ভাষা জানতে হবে। পাশাপাশি এখন যারা পশ্চিমবঙ্গে চাকরি করছেন, তাদেরও বাংলা শিখে নিতে হবে। তারা বাংলা না বুঝলে রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কীভাবে কথা বলবেন? কীভাবে তাদের অভিযোগ শুনবেন, সমস্যার কীভাবে সমাধান করবেন?’
তিনি বলেন, ‘আমার রাজ্যের ছেলেমেয়েরা অন্য রাজ্যে গিয়ে ভাষা সমস্যার জন্য চাকরি পাচ্ছে না। আবার ভিনরাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষার ফল ভালো করে এ রাজ্যে চাকরি জুটিয়ে নিচ্ছে। ফলে বঞ্চিত হচ্ছে এ রাজ্যের সাধারণ মানুষ। আর ভিনরাজ্যের মানুষ চাকরি পেলেও তাদের বাংলা ভাষা জানার অভাব রয়েছে। তাই আমি চাইছি, এই রাজ্যের মানুষ এই রাজ্যের কোটায় চাকরি পাক।’
ভাষা নিয়ে মমতার এ নির্দেশনাকে সমর্থন করেছে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি নিয়ে কাজ করা সংগঠন ‘বাংলাপক্ষ’। সংগঠনের কর্মকর্তা গর্গ চ্যাটার্জি বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর এ নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই, এ নির্দেশকে আইনে পরিণত করা হোক। রাজ্যের কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা জানা বাধ্যতামূলক করা হোক।’
ভারতে সবচেয়ে বেশি বাংলাভাষীর বাস পশ্চিমবঙ্গে। এরপরই রয়েছে ত্রিপুরা। এ ছাড়া আসাম, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওডিশা, মণিপুর, উত্তরপ্রদেশের বহু এলাকায় বিপুলসংখ্যক বাংলাভাষীর বসবাস রয়েছে।
