পরিবারের মধ্য থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এজন্য তাদের পিতা-মাতার কাছে বিনয়ের সঙ্গে আয়-ব্যয়ের হিসাব জানতে বলেছেন তিনি। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
নবীন প্রজন্মের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘তারা তাদের পিতা-মাতার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাইবে যে, তাদের পিতা-মাতার বেতন-ভাতা কত? তাদের মাসিক আয় কত, মাসিক ব্যয় কত? তাদের সংসার কীভাবে চলে, তারা কীভাবে বিলাসবহুল জীবনযাপন করে।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। তরুণ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে দেশ দুর্নীতিমুক্ত হতে বাধ্য।’ প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমরা শৈশবে দেখেছি, দুর্নীতিবাজদের সমাজ থেকে বয়কট করা হতো। তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে সংকোচ বোধ করা হতো। এখন তাদের উৎসাহিত করা হয়। দুর্নীতিবাজদের তোষণ করা হয়। আমাদের পূর্বের সংস্কৃতিতে ফিরে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, যখন দেখি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে কিছু কিছু কর্মকর্তা দুর্নীতিতে নিমজ্জিত হয়। দেশের বিদ্যান ব্যক্তিরা লোভী হলে, ঐশ্বর্যের পেছনে ছুটলে, অসাধু হলে দুর্নীতিকে প্রতিরোধ করা কোনোদিন সম্ভব হবে না।’ দুদকের উদ্দেশে তিনি বলেন, ‘তদন্তকারী কর্মকর্তাদের মনে রাখতে হবে যে, একজন নিরপরাধ ব্যক্তি যেন দুর্নীতির মামলায় জড়িয়ে না পড়ে। অন্যদিকে অপরাধী যেই হোক না কেন, একজন দুর্নীতিবাজ যাতে দায় থেকে মুক্তি না পায়, সেদিকে লক্ষ রাখতে হবে।’ আলোচনার সভার প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ধারণকৃত ভিডিওতে বক্তব্য তুলে ধরা হয়। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান, সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।
